প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
আনোয়ারায় বিধবাকে ঘরের টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের এক অসহায় ও হতদরিদ্র বিধবার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির রানা। নিজের জন্মদিন উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ওই বিধবার জরাজীর্ণ বসতঘর সংস্কারের জন্য টিন উপহার দিয়েছেন।
শুক্রবার বিকেলে এডভোকেট নুরুল কবির রানার পক্ষে সাইফুল ইসলাম, রাশেদ, জিকু, আনিস, রুবেল, শুভ দেবনাথ ও সাইফুল ওই বিধবার হাতে টিন তুলে দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা ওই বিধবা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। বৃষ্টি হলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে ভেতরটা ভিজে যেত। এতে স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছিল। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এডভোকেট নুরুল কবির রানা নিজ উদ্যোগে তার বসতঘরের জন্য টিনের ব্যবস্থা করেন এবং জন্মদিন উপলক্ষে তা উপহার হিসেবে প্রদান করেন।
টিন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ওই বিধবা বলেন, বৃষ্টি হলে বাইরে পানি পড়ার আগেই ঘরের ভেতরে পানি পড়ত। অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। এবার নতুন টিন পেয়ে আমার বড় কষ্টটা দূর হলো। এখন অন্তত নিশ্চিন্তে থাকতে পারব। আমার মতো একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এডভোকেট নুরুল কবির রানার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।
স্থানীয়রা বলেন, এই সহায়তা শুধু একটি পরিবারের জন্য উপহার নয় বরং একজন অসহায় মানুষের জন্য স্বস্তি, নিরাপত্তা ও নতুন আশার প্রতীক। জন্মদিনে আনন্দ-উৎসবের পরিবর্তে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এ বিষয়ে এডভোকেট নুরুল কবির রানা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমি সবসময় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট